ইমাম বায়হাকি (রহ.) নিজ সনদে বর্ণনা করেছেন, হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) বলেন:
"এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে বলল, 'হে আল্লাহর রাসূল! ইসলামে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি?' তিনি বললেন, 'সময়মতো নামাজ আদায় করা। যে ব্যক্তি নামাজ ত্যাগ করল, তার কোনো দ্বীন নেই। আর নামাজ হলো দ্বীনের স্তম্ভ।'"
হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)-কে যখন ছুরিকাঘাত করা হয়েছিল, তখন তাঁকে বলা হলো, "হে আমিরুল মুমিনিন! নামাজের সময় হয়েছে।" তিনি বললেন, "হ্যাঁ! জেনে রাখো, যে ব্যক্তি নামাজ নষ্ট করল, ইসলামে তার কোনো অংশ নেই।" এরপর তিনি নামাজ আদায় করলেন—অথচ তখন তাঁর ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছিল।
তাবেয়ি আব্দুল্লাহ ইবনে শাকিক (রহ.) বলেন, "রাসূলুল্লাহ (সা.)-এর সাহাবিগণ নামাজ ব্যতীত অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না।"
হজরত আলী (রা.)-কে এক নামাজ ত্যাগকারী নারী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "যে ব্যক্তি নামাজ পড়ে না, সে কাফের।"
হজরত ইবনে মাসউদ (রা.) বলেছেন, "যে নামাজ পড়ে না, তার কোনো দ্বীন নেই।"
হজরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, "যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও ত্যাগ করল, সে এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে আল্লাহ তার প্রতি ভীষণ ক্রোধান্বিত থাকবেন।"
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি নামাজ বিনষ্টকারী অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা তার কোনো নেক আমলেরই পরোয়া করবেন না।"
অর্থাৎ, সে যদি নামাজ নষ্টকারী হয়, তবে আল্লাহ তার নেক আমলগুলোর কোনো মূল্য দেবেন না।
ইবনে হাযম (রহ.) বলেন, "শিরকের পর নামাজকে তার নির্ধারিত ওয়াক্ত থেকে বিলম্বিত করা এবং অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করার চেয়ে বড় কোনো গুনাহ নেই।"
ইবরাহিম আন-নাখায়ি (রহ.) বলেন, "যে ব্যক্তি নামাজ ত্যাগ করল, সে কুফরি করল।" আইয়ুব আস-সাখতিয়ানি (রহ.)-ও অনুরূপ কথা বলেছেন।
আওন ইবনে আব্দুল্লাহ (রহ.) বলেন, "বান্দাকে যখন তার কবরে রাখা হয়, তখন সর্বপ্রথম তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। যদি সে এতে উত্তীর্ণ হয়, তবে তার অন্যান্য আমলের দিকে নজর দেওয়া হয়; আর যদি এতে উত্তীর্ণ না হয়, তবে তার পরের আর কোনো আমলের দিকেই নজর দেওয়া হয় না।"
নবী করিম (সা.) ইরশাদ করেছেন:
"বান্দা যখন প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে, তখন তা উজ্জ্বল নূর নিয়ে আসমানে আরোহণ করে এবং আরশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর তা কিয়ামত পর্যন্ত তার আদায়কারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে…"